সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ চার জনের নিয়োগ বাতিল করেছে। রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির পক্ষে তার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে এবং তাকে পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
অন্যদিকে তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিল করে তাদের সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
দু’টি প্রজ্ঞাপনই অবিলম্বে কার্যকর হবে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।





