বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে—বরিশালে ১২৫ জন, চট্টগ্রামে ৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৭ জন, খুলনায় ৩২ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ৪৮ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন।


এ সময়ে সারা দেশে ৬৯৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৬৭ জনে।


এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৪৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৫৩ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি–ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।