গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দু’জন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৫৯৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯০, চট্টগ্রাম বিভাগে ৯৭, ঢাকা বিভাগের সিটির বাইরে ৮৮, ঢাকা উত্তর সিটিতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ এবং খুলনা বিভাগের সিটির বাইরে ২৯ জন রয়েছেন।
একই সময়ে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৮৬,৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৯,৪৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৩৫৬ জন।
তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ১,১১,২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু ঘটে। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।





