বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, \"এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা টিকে থাকবে না।\" তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, \"যদি এই সরকার নির্বাচন আয়োজন করতে না চায়, তবে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবে।\"
শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, \"বিএনপি কখনোই জুন মাসে নির্বাচনের কথা বলেনি, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। 'ডিসেম্বর' কথাটি আমাদের নয়, বরং প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবও নিজে বলেছেন।\"
মির্জা আব্বাস প্রধান উপদেষ্টা ড. ইউনূসের টোকিওতে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, \"দুঃখ লাগে—দেশে না থেকে বিদেশে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন। এতটুকু লজ্জাও লাগছে না। একটি দল নির্বাচন চায় বলে বলছেন, অথচ আমরা বলি, এককভাবে একটি ব্যক্তি নির্বাচনের বিরোধিতা করছেন—আর সেই ব্যক্তি হচ্ছেন ড. ইউনূস।\"
সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়েও কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, \"সরকার এখন সংস্কারের কথা বলছে, কিন্তু তাদের সংস্কারের এ প্রক্রিয়া এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা আজ আর নির্বাচন চায় না। বিদেশ থেকে লোক আমদানি করে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে থেকে দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে সংস্কার করেছেন, বিদেশ থেকে নয়।\"
\r\n\r\n\r\n\r\n\r\n
এসময় মির্জা আব্বাস আরও বলেন, \"দেশের উন্নয়নে তিনি কাজ করেছেন, কিন্তু বর্তমান সরকার বিদেশি শক্তির দিকে তাকিয়ে রয়েছে।\"





