প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কারণ, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন কর্মপরিকল্পনা নেয়া হয়েছে, তাই সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল প্রকাশিত হবে।


শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের পর প্রেস ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, যেহেতু সরকার আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে যদি নির্বাচন আগে বিচার সম্পন্ন হয়, তাহলে পরবর্তীতে বিষয়টি দেখা হবে।


এনসিপির শাপলা প্রতীকের দাবির বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকার কারণে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। আইন বহির্ভূত কোনো কাজ তারা করতে পারে না।


তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবে চলবে না এবং নির্বাচনকালে সাংবাদিকরা অবাধে সংবাদ সংগ্রহে সক্ষম হবেন; কোনো বাধা দেওয়া হবে না।


সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে সকাল ১০টায় সিইসি বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।