আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতাদের একটি বড় অংশের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।


মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


চিফ প্রসিকিউটর আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে।


অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতারা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হলো, সেটিও বিচার হওয়া প্রয়োজন। হত্যাকারীদের সহযোগীরা এখনও বিভিন্ন খাতে সক্রিয় রয়েছে বলেই তা সম্ভব হয়েছে।”


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া করা হয়।


আয়োজনের অংশ হিসেবে ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জুলাই অভ্যুত্থান ও গণহত্যার প্রেক্ষাপট তুলে ধরা হয়।