রাকিবুল ,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
নিষেধাজ্ঞার আগে ডিজেল সংকট, পটুয়াখালীর জেলেদের চোখে অনিশ্চয়তার ছায়া!!
পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে ডিজেলের সংকট দেখা দেওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছেন না অনেক জেলে। ফলে দিন দিন কমে যাচ্ছে মাছ ধরার পরিমাণ, আর এতে করে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজারো জেলে পরিবার।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিজেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে ট্রলার নিয়ে সাগরে যাওয়া এখন অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। যারা যাচ্ছেন, তারাও আগের মতো লাভ করতে পারছেন না। এতে করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।
এদিকে সামনে আসছে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা, যা জেলেদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। নিষেধাজ্ঞা শুরু হলে নির্দিষ্ট সময়ের জন্য সাগরে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। এর আগে পর্যাপ্ত মাছ ধরতে না পারায় অনেক জেলেই আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন।
জেলেরা বলছেন, “ডিজেল না থাকলে সাগরে যাওয়া সম্ভব না। সামনে আবার নিষেধাজ্ঞা—এই অবস্থায় আমরা কীভাবে পরিবার চালাবো, সেটাই বড় চিন্তার বিষয়।”
স্থানীয় মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ডিজেলের সরবরাহ স্বাভাবিক করা এবং জেলেদের জন্য প্রণোদনা বা সহায়তা নিশ্চিত করা জরুরি। তা না হলে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।





