ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি পদপ্রার্থী জুলিয়াস সিজার তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

\r\n

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

\r\n

নোটিশে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ও চরিত্রহননের অভিযোগে “ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ” নামের ফেসবুক পেজটি বন্ধ রাখার জন্য বারবার অনুরোধ জানানো হলেও জুলিয়াস সিজার তা মানেননি।

\r\n

এ অবস্থায় তাকে ৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

\r\n

ডাকসু নির্বাচনকে ঘিরে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। প্যানেলগুলোর একে অপরের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ উঠছে। এ কারণে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ও পেজগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

\r\n

এর অংশ হিসেবেই সিজারকে বারবার সতর্ক করা হলেও তিনি নির্দেশ না মানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নোটিশ জারি করেছে।