ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। টিএসসি কেন্দ্রে এক নারী শিক্ষার্থী ব্যালট গ্রহণের পর দেখেন, ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এসএম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেওয়া রয়েছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, বিষয়টি সঙ্গে সঙ্গেই কর্মকর্তাকে জানালে তাঁকে নতুন ব্যালট সরবরাহ করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যাম্পাসজুড়ে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা ভোটের সুষ্ঠুতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিউল হাসান বলেন, “নানা জায়গায় নানা ঘটনা ঘটছে। শিবির কীভাবে সুবিধা পায়, তা প্রশ্নের মুখে। ভোটের নিরপেক্ষতাও এতে প্রশ্নবিদ্ধ হয়েছে।”
\r\nটিএসসির রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানাকে ফোন করলে তিনি মন্তব্য করতে ইচ্ছুক হননি।





