ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জয়কে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার ইসলামী যুব আন্দোলন (এবিআইএম)।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এবিআইএমের সভাপতি আহমদ ফাহমি বিন মোহদ সামসুদ্দিন বলেন, “ডাকসু নির্বাচনে শিবিরের অভূতপূর্ব বিজয় প্রকাশ করে যে শিক্ষার্থীরা নৈতিক ও মূল্যভিত্তিক নেতৃত্বে আস্থা রেখেছে।”

তিনি জানান, শিবির এই নির্বাচনে ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পেয়েছে, যার মধ্যে শীর্ষ তিনটি নেতৃত্বের পদও রয়েছে। এবিআইএম সভাপতি এটিকে কেবল একটি নির্বাচনী বিজয় নয়, বরং ন্যায় ও মর্যাদার পক্ষে দীর্ঘমেয়াদি সংগ্রামের অংশ বলে মন্তব্য করেন।

এর আগে এবিআইএম প্রতিনিধিরা গত বছর ঢাকায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেন। তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেছিলেন। ফাহমি বলেন, “ওই সফরে আমরা বাংলাদেশে শিক্ষার্থী নেতৃত্বের প্রাণবন্ত ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়েছিলাম।”

বিবৃতিতে তিনি আরও আশা প্রকাশ করেন, শিবিরের এই বিজয় শিক্ষার্থী কল্যাণকে শক্তিশালী করবে, গণতান্ত্রিক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং বিশ্বব্যাপী মুসলিম যুব আন্দোলনের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।