ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভরাডুবি নিয়ে আলোচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী কাউন্সিলের বৈঠকে। শুক্রবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বাংলামটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়টি উঠে আসে।

সভায় নেতাদের অনেকে গণঅভ্যুত্থানের পর প্রথম ডাকসু নির্বাচনে এমন পরাজয়ে হতাশা প্রকাশ করেন। তবে জ্যেষ্ঠ নেতারা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সভাটির মূল এজেন্ডা ছিল জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি। তবে আলোচনায় ঘুরেফিরে ডাকসুতে একক কোনো পদও না জেতার প্রসঙ্গ সামনে আসে। ভিপি, জিএস, এজিএসসহ গুরুত্বপূর্ণ সব পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে বলে উল্লেখ করেন নেতারা।

সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি। এনসিপি গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে অনড় অবস্থান নিলেও কয়েকজন নেতা এতে ভিন্নমত দেন। তাদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে গণপরিষদের দাবি রাখা যেতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

সভায় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নির্বাহী কাউন্সিলের ৪০ জনের বেশি নেতা।