ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন কিছু অভিযোগ থাকলেও সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ডাকসু নির্বাচন সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশিত সংখ্যায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।”


তিনি আরও লিখেন, “এখন ভোট গণনা চলছে। শিক্ষার্থীরা এবং সারা দেশ ফলাফলের দিকে তাকিয়ে আছে। একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। রাজনৈতিক দ্বন্দ্ব বা জেতা-হারার ভয়ে যেন ডাকসুকে নষ্ট না করা হয়। যদি তা ঘটে, তাহলে এর দায় যারা সৃষ্টি করবে তারা কোনোভাবেই এড়াতে পারবে না এবং ভবিষ্যতেও সেই দায় নিয়ে চলতে হবে।”


\r\n\r\n\r\n

সারজিস আলম সতর্ক করে বলেন, “যদি কেউ মনে করেন, নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেবেন না, তাহলে ডাকসু বানচাল করার মধ্য দিয়েই আপনাদের রাজনীতির কবর রচিত হবে।”