ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডাকসু নির্বাচন যদি কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে সবকিছু প্রকাশ করবেন—কে কী করেছে, তা স্পষ্ট করে জানিয়ে দেবেন।
শনিবার (২৩ আগস্ট) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপাচার্য এ কথা বলেন।
তিনি বলেন, “ডাকসু নির্বাচন আয়োজনে এটি নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ। তবে এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। আমরা চাই, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।\"
ভিসি আরও বলেন, \"জাতি আজ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে। নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেও ইতোমধ্যে আলোচনা হয়েছে।\"
উপাচার্য জানান, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য রয়েছে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। সেই ধারাবাহিকতায় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখনো সকলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, “সেনাবাহিনীসহ সব অংশীজনদের একসঙ্গে কাজ করতে হবে যাতে এই নির্বাচন সফল হয় এবং কোনো ষড়যন্ত্র সফল না হয়।”
উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর, এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।





