জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এ পরোয়ানা জারি করেন। মামলার অপর আসামি টকশো উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ সালে পানসিয়ানা নামের একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে তৎকালীন প্রতিমন্ত্রী ডা. মুরাদ এসব মন্তব্য করেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ মামলাটি গত বছরের সেপ্টেম্বর মাসে জামালপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সহসভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের সমন পাঠিয়েছিলেন। তবে তারা হাজির না হওয়ায় সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।