আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে একাধিক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ ) বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার রুপালী ব্যাংকের দক্ষিণ পাশে সফিকুল চেয়ারম্যান মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। তিনি বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, যা গত ৫ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।

পুলিশ সুপার জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং বিনামূল্যে সম্পন্ন করা হবে। কোনো ধরনের তদবির, অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়ার সুযোগ নেই। এ ধরনের কোনো চেষ্টা প্রার্থীর জন্য ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, নিয়োগকে কেন্দ্র করে দালাল ও প্রতারক চক্র সক্রিয় হতে পারে। তারা চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি এবং কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতারণার তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হওয়া জরুরি এবং গরিব পরিবারের মেধাবী প্রার্থীরা যেন যোগ্যতার ভিত্তিতে সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা প্রদান, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।