বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে রাইস কুকার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক বসতঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও অলৌকিকভাবে পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাত প্রায় ৮টার দিকে হঠাৎ একটি রাইস কুকার বিস্ফোরিত হয় এবং সেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।


ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।


ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।


এই অগ্নিকাণ্ডের খবর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।