‘হাওয়া’ দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়ার পর নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ নিয়ে। সদ্য প্রকাশিত ট্রেইলারেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে, দীর্ঘ অপেক্ষার পর এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ বেশ চড়ছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে আদম ও হাওয়ার আদিম আখ্যানকে নতুন ব্যাখ্যায় তুলে ধরার প্রয়াসে।
গতকাল সন্ধ্যায় ঢাকার বেইলি রোডে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ট্রেইলার উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা সিনেমাটি নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে ট্রেইলারটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই তা দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। মন্তব্য ও প্রতিক্রিয়ায় দেখা যায়, ট্রেইলারের ভিজ্যুয়াল ভাষা ও গল্পের ইঙ্গিত নিয়ে দর্শকরা বেশ কৌতূহলী।
মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে ‘রইদ’। সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য এই বিভাগে নির্বাচিত হওয়া এটিই প্রথম। উল্লেখ্য, এই প্রতিযোগিতা বিভাগেই ক্যারিয়ারের শুরুর দিকে তাদের কাজ প্রদর্শন করেছিলেন ক্রিস্টোফার নোলান ও বং জুন-হোর মতো বিশ্বখ্যাত নির্মাতারা।
ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে সিনেমাটির ভাবনা প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে যায়। এই আখ্যানের মধ্য দিয়েই আদম ও হাওয়ার প্রাচীন কাহিনিকে বর্তমান সময়ের অনুভূতির ভেতর নতুন করে অনুসন্ধান করা হয়েছে। তিনি আরও জানান, পুরো সিনেমাজুড়ে চিত্রশিল্পী এস এম সুলতানের আঁকা গ্রামীণ বাংলার আবহ ও জীবনবোধের ছাপ দৃশ্যমান থাকবে।
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর পক্ষে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, সংকটের মধ্যেও যেসব নির্মাতা নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, মেজবাউর রহমান সুমন তাদের অন্যতম। সেই বিশ্বাস ও আস্থার জায়গা থেকেই ‘রইদ’ সিনেমার সঙ্গে যুক্ত হওয়া।
‘
রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্যে রয়েছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।
সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তাতে বলা যায়, মুক্তির আগেই এটি দর্শকদের প্রত্যাশার তালিকায় জায়গা করে নিয়েছে।





