ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচিত মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

বুধবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নিজেই এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। তিনি জানান, বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে। ট্রাম্প দাবি করেছেন, মামদানিই প্রথমে সাক্ষাৎ করার আগ্রহ দেখিয়েছেন।

মামদানি ও ট্রাম্পের মধ্যে আগে থেকেই রাজনৈতিক ভিন্নমত রয়েছে। ট্রাম্প অতীতে সামাজিক মাধ্যমে মামদানিকে কমিউনিস্ট আখ্যা দেন এবং নির্বাচনে তাকে ভোট না দেওয়ার প্রচারণাও চালিয়েছেন।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে মামদানি ৫০ শতাংশ ভোটে বিজয়ী হন এবং আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।