জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো একজন আসামিকে জামিন দেওয়া হয়েছে। জামিনপ্রাপ্ত আসামি হুমায়ুন কবির পাটোয়ারি লক্ষ্মীপুরের উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নুর মোহাম্মদ শাহারিয়ার কবির।
আদালত সূত্রে জানা গেছে, লিভার সিরোসিসে গুরুতর অসুস্থ হওয়ায় মানবিক বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে। এর আগে একই রোগে আসামির দুই ভাই মারা গেছেন।
চারটি শর্তে আসামির জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। শর্তগুলো হলো—
জামিনে মুক্তির পর তিনি যে ঠিকানায় অবস্থান করবেন তা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে জানাতে হবে। কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়া বা যুক্ত হওয়া যাবে না। ঠিকানা পরিবর্তন হলে তা তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করতে হবে। এছাড়া মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা তাদের হুমকি দেওয়া যাবে না।
ট্রাইব্যুনাল জানান, এসব শর্তের কোনোটি ভঙ্গ হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারবেন এবং ভবিষ্যতে তাকে আর জামিন দেওয়া হবে না।





