ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ট্যাগিং ও প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম হোসেন। তিনি জানান, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে তাকে ট্যাগ করা হয়েছে। তিনি আশঙ্কা করেছিলেন, এই প্রচারণার মাধ্যমে ভোট কমানো হতে পারে।

তবে তিনি শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শামীম হোসেন বলেন, “শিক্ষার্থীরা প্রার্থী বাছাইয়ে কোনো ভুল করবেন না। ভোটের পরিবেশ ইতিবাচক রয়েছে। ফলাফল যাই হোক, গ্রহণযোগ্য হবে।”

শামীম হোসেন আরও বলেন, প্রতিপক্ষ তার জনপ্রিয়তা দেখেই এই প্রোপাগান্ডা চালাচ্ছে, তবে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে সঠিক জবাব দেবে।

সিনেট ভবনের ডাইনিংরুমের বুথে সকাল ১০টার দিকে ভোটার উপস্থিতি প্রায় ২০ শতাংশ ছিল। কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, “এভাবে ভোটগ্রহণ চললে বিকেল চারটার মধ্যে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট গ্রহণ সম্ভব।”