কক্সবাজারের টেকনাফে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ছেলের নির্যাতনে কালা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) রাত প্রায় ১১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কালা মিয়া সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকার শুকুর মিয়ার ছেলে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে কালা মিয়াকে চাপ দিয়ে আসছিল তার দুই ছেলে মনির আলম ও শাকের আলম। এ নিয়ে প্রায়ই পারিবারিক কলহ ও ভাঙচুরের ঘটনাও ঘটত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার দিন দুই ছেলে তাদের বাবাকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করে বলে অভিযোগ রয়েছে।


পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে কালা মিয়া সিএনজি চালককে জানান, সম্পত্তির লোভে তার দুই ছেলে তার ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, একজন তার গলা চেপে ধরেন এবং অন্যজন বুকে উপর্যুপরি ঘুষি মারেন।


টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর কালা মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হার্টের সমস্যা দেখা দেয়। কিছুক্ষণ পরই তিনি মারা যান।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরের ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত দুই ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।