কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরে ফেরার পথে ছয় বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের দক্ষিণে ছেঁড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, জেলেদের গভীর সাগর থেকে ফেরার সময় অস্ত্রের মুখে তুলে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের একটি খালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় জেলে গ্রামগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ট্রলারটির মালিক জাকির হোসেন বলেন, গত শনিবার আবদুল করিম মাঝিকে সঙ্গে নিয়ে ছয় জেলে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে বিপুল পরিমাণ মাছসহ ট্রলারটিও আরাকান আর্মি নিয়ে গেছে। ট্রলারে থাকা এক জেলে মোবাইলে অপহরণের ঘটনা নিশ্চিত করেছেন।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
টেকনাফ সদর, জালিয়াপাড়া, শাহপরীরদ্বীপ ও সেন্ট মার্টিন উপকূলের প্রায় ৮০০ ট্রলার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরে। বিজিবির তথ্যে জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আরাকান আর্মির হাতে ৩৪৭ জন বাংলাদেশি জেলে অপহৃত হয়েছেন। এদের মধ্যে ১৮৯ জন ফিরেছেন এবং ২৭টি নৌযান উদ্ধার হয়েছে। বাকি ১৫৮ জনকে ফেরানোর চেষ্টা চলছে।
সীমান্ত সূত্র বলছে, ২০২৪ সালের ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত প্রায় ১১ মাসের যুদ্ধে মিয়ানমারের জান্তা বাহিনীকে পিছু হটিয়ে রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। সীমান্তে সংঘাত অব্যাহত রয়েছে। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল দুই বছর ধরে বন্ধ।





