টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘারপটল গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর চারজনের বিরুদ্ধে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। অভিযুক্তরা হলেন— শহিদুল, সোহেল, এনামুল ও আল আমিন।
অভিযোগে বলা হয়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ব্যক্তি ভোট চাইতে যান। বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন। এ সময় অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। গৃহবধূ জানান, তিনি ভোটার নন এবং তার পরিবারের সদস্যরা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একপর্যায়ে শহিদুল ওই গৃহবধূকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন এবং অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে। দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ করলে অপহরণ ও নির্যাতনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ভূঞাপুর থানার এসআই মেরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





