টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায়।
নিহতরা হলেন, ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০) এবং অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি বিকেলে সাগরদিঘী বাজারে যাচ্ছিল। পথে আমতৈল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক হাওলাদার জানিয়েছেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’





