দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে উয়েফা সুপার কাপ জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইতালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ট্রফি জিতে নেয় ফরাসি জায়ান্টরা।


ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি, তবে প্রথম গোল পায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম। ৩৯ মিনিটে মিকি ফন দে’র হেডে এগিয়ে যায় স্পার্সরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো, পেদ্রো পারোর ফ্রি-কিকে হেড করে গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার।


দুই গোল পিছিয়ে পড়ার পর আক্রমণে গতি বাড়ায় পিএসজি। ৬৫ মিনিটে একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ মুহূর্তে আসে নাটকীয় মোড়। ৮৫ মিনিটে কাং ইন লি ব্যবধান কমান। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রামোসের গোলে সমতায় ফেরে পিএসজি, ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


পেনাল্টি শুটআউটে প্রথম শট মিস করলেও নতুন গোলরক্ষক লুকা শেভালিয়েরের দুর্দান্ত সেভে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় গত মৌসুমের ট্রেবল জয়ী পিএসজি। এই জয়ে আরেকটি ইউরোপিয়ান ট্রফি যোগ হলো প্যারিসের ক্লাবটির শোকেসে