গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। ভুক্তভোগী ব্যবসায়ী বজলুর রহমান টঙ্গী পশ্চিম থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বজলুর রহমান জানান, তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে সাতাইশ ধরপাড়ায় বসবাস করছেন। গত শনিবার (২৮ জুন) তার বাসার তৃতীয় তলার নির্মাণকাজ শুরু হলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ খান ও তার সহযোগীরা ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
পরে সোমবার দুপুরে মিরাজ ও তার দল আবারও এসে একই পরিমাণ চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা বজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
কিন্তু সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ফের মিরাজ খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল চাপাতি, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ বজলুর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় দুটি মোটরসাইকেল, আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ ৬ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মিরাজ খান আমার দেশ পত্রিকাকে বলেন, “আমি নির্মাণসামগ্রীর ব্যবসা করি। বজলুর রহমানের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে কথা বলতেই গিয়েছিলাম, চাঁদার কোনো ব্যাপার ছিল না।”
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





