গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এটি হৃদয়বিদারক ঘটনা উল্লেখ করে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় শুধু কয়েকজন প্রাণ হারাননি, বরং দেশ হারিয়েছে সাহস, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার প্রতীককে। সংকটময় সময়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সবার আগে মানুষের পাশে দাঁড়ান। সেই দায়িত্ব পালনে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে, যা পুরো জাতির জন্য গভীর শোকের বিষয়।

শোকবার্তায় তিনি পরিবারগুলোকে সান্ত্বনা জানিয়ে বলেন, নিহতরা নিছক প্রাণ হারাননি, বরং জাতির জন্য আত্মত্যাগ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের এই ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আরও বলেন, এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তবে তাদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার পথে