নির্বাচনী সংলাপ, টক শো ও অন্যান্য অনুষ্ঠানে কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য বা কটূক্তি প্রচার না করতে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
\r\nবিবৃতিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমগুলো তথ্য প্রচারে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
\r\nইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টক শো কিংবা নির্বাচনী সংলাপ প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
\r\nবিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী, গণমাধ্যমে প্রচারিত নির্বাচনী সংলাপে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য দিতে পারবেন না।
\r\nএ কারণে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে নির্বাচনী সংলাপ বা অন্যান্য অনুষ্ঠান প্রচারের সময় সব প্রার্থীর প্রতি সমান আচরণ নিশ্চিত করা এবং কাউকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য বা কটূক্তি প্রচার না করার বিষয়ে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।





