গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।


খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।


স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম জানান, প্রথমে নূর শাফি (৩০) নামের এক ব্যক্তির ঝুট গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গোডাউনে—যেগুলোর মালিক আবুল বাহার (৫০) ও নূর সবেদ (৪৫) প্রমুখ। এতে একটি গোডাউন সম্পূর্ণ পুড়ে যায় এবং বাকি তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।


সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয়রা সন্দেহভাজন একজনকে পাশের একটি গোডাউন থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছে।


কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, “ঝুটের গোডাউনে আগুন লাগে। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।”


স্থানীয়দের দাবি, গোডাউনটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।