ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ঘটনার সময় বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের দিকে মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের আগে মির্জাপুর ইউনিয়নের দরিদ্রদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চাইলে যুবদল নেতা শামীম হোসেন লস্করের সঙ্গে কথাকাটাকাটির ঘটনা ঘটে। সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা সালিশে বসেন, কিন্তু এরই মধ্যে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।


পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।” তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।