ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুরসন্দি গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা এবং জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল আমিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে কলহের সূত্র ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং দুইটি বাড়ি ভাঙচুরের শিকার হয়।
পরিস্থিতি জানার পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





