যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে ভোট চাওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মোবাইল ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, রোববার দুপুরে জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের মহিলা নেত্রীরা ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মুসলেউদ্দিন ফরিদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ, আহনাত, সোহাগসহ ১৫–২০ জন এ হামলায় অংশ নেয়।
হামলায় জামায়াতের কয়েকজন মহিলা কর্মী আহত হন। তাদের মধ্যে জোসনা ও কামরুন্নাহার ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা জোসনার মোবাইল ফোন ভাঙচুর করে সেটি নিয়ে যায় এবং কামরুন্নাহারের কাছে থাকা একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয়।
এ বিষয়ে উপজেলা জামায়াতের মহিলা নেত্রী মিসেস শিখা বলেন, কীর্তিপুর গ্রামে রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস ও জোসনাসহ প্রায় ১০ জনের একটি টিম ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা করা হয়। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





