জয়পুরহাট প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ায় জয়পুরহাটের শিক্ষক মো. মাহবুবুর রহমানকে নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভাটকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কারণবশত দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৪২ জন শিক্ষককে বদলি করা হয়েছে।
মাহবুবুর রহমান ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং তিন দফা দাবির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত চিঠিতে বলা হয়েছে, বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। গত দুই দিন ধরে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ ও বিদ্যালয় তালাবদ্ধ কর্মসূচি চলছে। এতে দেশের নানা স্থানে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৪ জন শিক্ষক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল। শোকজ তালিকায় ছিলেন মাহবুবুর রহমানও।
বদলি আদেশের পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে মাহবুবুর রহমান বলেছেন, “বদলি চাকরির অংশ, কেউ হতাশ হবেন না। আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের বদলির কারণে যদি কেউ ভয় পেয়ে ঘরে ফিরে যায়, তবে এ জন্মে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।”





