জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামে ১০ শতক জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই জমিটি নিজেদের বলে দাবি করে উভয় পক্ষ। এ নিয়ে বাদী হয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন বুলবুল আহাম্মেদ। তিনি পাঁচজনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন।
আদালতের নির্দেশে ২৬ নভেম্বর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার পাপ্পু কুমার প্রামাণিক বিরোধপূর্ণ জমিটি সরেজমিনে পরিদর্শন করেন।
সার্ভেয়ার পাপ্পু কুমার প্রামাণিক বলেন, ১০ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করেছি। শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৪ সাল থেকে জমিটি বুলবুল আহাম্মেদের পরিবারের দখলে রয়েছে। কয়েক মাস আগে তাঁদের পরিবার জমিটি তারের বেড়া দিয়ে ঘিরে রাখে।
গ্রামের বাসিন্দা মো. ওয়াহেদ (৬০) বলেন, জমিটি অনেক দিন ধরেই বুলবুলদের দখলে আছে। কয়েক মাস আগে তারা তার দিয়ে ঘিরে ফেলেছে।
মামলার বাদী বুলবুল আহাম্মেদ বলেন, আমার বাড়ির পাশে ১০ শতক জমি আমার মায়ের নামে খতিয়ানভুক্ত। মা মারা যাওয়ার পর আমরা ওয়ারিশরা এ জমির মালিক। সাজেদুর রহমানরা জমিটি তাঁদের পৈত্রিক সম্পত্তি বলে দাবি করছে। তাই আদালতে মামলা করেছি।
অন্যদিকে সাজেদুর রহমান বলেন, জমিটির মালিক আমার বাবা আবু তালেব তরফদার। আমাদের জমিটি বুলবুলরা দখল করে রেখেছে।





