জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ের একটি কক্ষ থেকে মাহবুব আলম জনি (৩৫) নামে এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহত জনি বগুড়ার গাবতলি উপজেলার বটিয়া ভংঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে। ২০১৮ সালের ২ ডিসেম্বর ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে সমাজসেবা কার্যালয়ে যোগদান করেছিলেন। চাকরির প্রয়োজনে তিনি দীর্ঘদিন ধরে কার্যালয়ের ভেতরেই অবস্থান করতেন।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, শনিবার সকালে অফিসের ঝাড়ুদার কক্ষ পরিষ্কার করতে গিয়ে জনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। জনির চিৎকারে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, “শুক্রবার সন্ধ্যায় জনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, মোবাইল বন্ধ পাওয়া গিয়েছিল। সকালে খোঁজ নিতে লোক পাঠালে তাঁর মৃত্যুর খবর পাই।”
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”





