জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শহিদুল ইসলাম-১ নির্বাচিত হন। যুগ্ম সম্পাদকসহ মোট ১১টি পদের মধ্যে ১০টি পদেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন, যা এবারের নির্বাচনে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গ্রন্থাগার সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিরীক্ষা সম্পাদক এবং সদস্য পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান সরকারসহ ৯ সদস্যের কমিশন দায়িত্ব পালন করেন। নির্বাচনকে ঘিরে আইনজীবী ভবনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।