জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে গভীর রাতে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের হামলায় এক নারী মারা গেছেন, আর তার ১৭ বছর বয়সী ভাতিজি গুরুতর জখম হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের কোনো এক সময় বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা টিউবওয়েলের লোহার হাতল দিয়ে নুরনাহার বেগম (৫০) ও তার ভাতিজি খাতিজা পাখির (১৭) মাথায় একাধিক আঘাত করে। হামলায় দু’জনই গুরুতর আহত হন।
নিহত নুরনাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের আব্দুল গফুর সরদারের স্ত্রী। আহত খাতিজা পাখি স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। রাতেই নুরনাহারকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খাতিজা পাখিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।
জানা গেছে, হামলার সময় ফুফু ও ভাতিজি একই কক্ষে ঘুমাচ্ছিলেন। হামলার উদ্দেশ্য বা হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানিয়েছেন, “হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তল্লাশি ও তদন্ত চলছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।





