জয়পুরহাট প্রতিনিধি :আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী প্রচারণা ক্যারাভ্যান।মজ্ঞলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের পাঁচুর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এবং জাতীয় ছাত্র শক্তির সহযোগিতায় এই প্রচারণা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি জয়পুরহাট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হোসেন রনজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি অধ্যক্ষ সুলতান মোঃ শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর আমির মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন এবং সহকারী সেক্রেটারি গোলাম মর্তুজা।
বক্তারা বলেন, গণভোট হলো জনগণের সরাসরি মত প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাধ্যম। দেশের ভবিষ্যৎ, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্যে ওমর আলী বাবু বলেন, এই প্রচারণা ক্যারাভ্যান ভোটের আগ পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেবে। এর মাধ্যমে জনগণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা ও অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও জুলফিকার আলী ভুট্টো, সদস্য মনির জামান, মুকুল হোসেন ও মোছাঃ শাহনাজ পারভীন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্য সচিব নাফি রহমানীসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রচারণা ক্যারাভ্যানটি জয়পুরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার কার্যক্রম পরিচালনা করে।





