জয়পুরহাট প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতরা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে—সে লক্ষ্যে জয়পুরহাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের পাশাপাশি জেলা শহরজুড়েও জোরদার করা হয়েছে সশস্ত্র টহল ও নজরদারি। বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।


বিজিবি সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর সংঘটিত হত্যাচেষ্টা-সংক্রান্ত ঘটনার পর দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জয়পুরহাট ব্যাটালিয়নের আওতাধীন পুরো সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট। পৃথক পৃথক টহল দলের মাধ্যমে ২৪ ঘণ্টা বিরামহীন অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

শুধু সীমান্ত নয়, জয়পুরহাট জেলা শহরেও নিরাপত্তা বলয় জোরদার করেছে বিজিবি। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এড়াতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বিজিবি সদস্যদের নিয়ে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। দুটি পিকআপভ্যানে করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় নিয়মিত নজরদারি চলছে।

এ বিষয়ে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, 
“ঢাকায় সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা সীমান্ত ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই আমরা সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছি। অপরাধীরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য সীমান্ত ও শহর—উভয় জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।