জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ২ টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জেলা বার সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমিন ফকির, লন্ডন প্রবাসী এ্যাড. তানজির আল ওয়াহাব, সিনিয়র আইনজীবী এটিএম মিজানুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকার কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।





