জয়পুরহাট প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে বিভিন্ন এতিমখানার কোমলমতি হাফেজদের অংশগ্রহণে এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। উদ্যোগটি নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসাইন। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পুরো মাহফিল জুড়ে নেতাকর্মীদের মাঝে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে গভীর উদ্বেগের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতি ও কল্যাণের জন্য প্রার্থনা জানানো হয়।
সমবেত সবার প্রার্থনায় প্রতিফলিত হয় নেত্রীর প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা।





