প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জেলে থাকা আসামিরাও ভোটাধিকার ব্যবহার করতে পারবেন।

সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা প্রিজাইডিং ও রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ১০ লাখ লোক ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন। এদের জন্যও ভোটের ব্যবস্থা নিশ্চিত করা হবে। একটি নতুন অ্যাপের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবেন এবং নিজের ঠিকানায় ব্যালট পাবেন।

আইনি হেফাজতে থাকা কারাবন্দিরাও নাগরিক হিসেবে ভোট দিতে পারবেন। এ ছাড়াও প্রবাসীরাও এবার ভোটাধিকার প্রয়োগে সক্ষম হবেন।

সিইসি আরও বলেন, “ভবিষ্যতের জন্য কী ধরনের বাংলাদেশ রেখে যাবো, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশকে কীভাবে পরিচালনা করবো—এ বিষয়গুলো আমাকে সারাক্ষণ ভাবায়। আমি এই দায়িত্বকে চাকরি হিসেবে নিইনি, এটি আমার মিশন ও চ্যালেঞ্জ।”

এই তথ্য তিনি সোমবার ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জানান। অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।