রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলের অভিযানে ৩৫টি ককটেলসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”


পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ১৭ নভেম্বরকে কেন্দ্র করে এসব ককটেল তৈরি করছিল। উদ্ধার করা বিস্ফোরকগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা ছিল বলেও জানা যায়।


এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে।