আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে বিপথে পরিচালিত করে, কিন্তু জেন-জিরা সেই অতীতের মিথ ভেঙে দিয়েছে। এমন ঘটনা একশো বছরে বিরল।


শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তাজুল ইসলাম বলেন, “আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্ন করার বদলে তৈলমর্দন করা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না? যা আমরা ইনিয়ে-বিনিয়ে বলতে চাই, তা জেন-জি প্রজন্ম এক সংলাপের মাধ্যমে তুলে দিয়েছে।”


জেন-জি প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, “জুলাই বিপ্লবে তাদের নেটওয়ার্কিং কল্পনার বাইরে ছিল। আমরা তাদের ফার্মের মুরগি বলতাম, অথচ তারা আবাবিল পাখির মতো। তারা শুধু স্বৈরাচারের পতন ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাদের কার্যক্রম পৌঁছে দিয়েছে।”


তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে নয়া দিগন্তকে। অভিযোজনের মাধ্যমে টিকে থাকতে না পারলে পত্রিকার অবস্থা ইত্তেফাকের মতো হবে। আমাদের মিডিয়া বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে ব্যর্থ হয়েছে। এখন গণমাধ্যমের দায়িত্ব সেই ইতিহাস সামনে আনা, যাতে গুমের মতো ঘটনা আর না ঘটে। শহীদদের কথা তুলে আনতে হবে, না হলে আগামীর বাংলাদেশে বসবাসের অধিকারও থাকবে না।”