জুলাই সনদ, বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি জানান, আগামী ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদ ঘোষণার অপেক্ষায় থাকবে তাদের দল।
সোমবার (৭ জুলাই) রাজশাহীতে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অবস্থানকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং রাজনৈতিক সংস্কারের দিকনির্দেশনা নিয়ে জুলাই সনদ প্রণয়ন এবং তা সংবিধানের অংশ হিসেবে ঘোষণার দাবি আমরা জানিয়ে আসছি। আশা করি, সরকারসহ সব পক্ষ এই সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সনদটি ঘোষণা করবে।”
এনসিপির দাবি, এই সনদ ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে একটি নতুন পথ খুলে যাবে। দলটি জানিয়েছে, আগামী ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের জন্য। এর মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে এনসিপি। গত ছয় দিনে দলটি ১৪টি জেলার পদযাত্রা শেষ করেছে। সোমবার নাটোর থেকে সিরাজগঞ্জ ও পাবনার উদ্দেশে যাত্রা করবেন দলের নেতারা।
এনসিপির দাবি, জুলাই সনদ শুধু অতীত স্মরণের বিষয় নয়, এটি ভবিষ্যতের জন্য একটি রাজনৈতিক রূপরেখা।





