বিএনপি যেকোনো সময় ‘জুলাই সনদ’-এ স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ তারিখেই কিছু সংশোধনসহ বিএনপি জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।”

সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ‘মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ঘোষণাপত্র অনুষ্ঠানের আমন্ত্রণ’ এখনো বিএনপি পায়নি। তবে ‘জুলাই ঘোষণাপত্র’-এর রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই বিএনপি প্রস্তাবের জবাব দিয়েছিল। প্রস্তাবনায় ২৬ মার্চ উপস্থাপনের বিষয়টি দলটি গ্রহণ করেনি এবং এই বিষয়ে দ্বিমত রয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে। আর আমরা যে সংশোধনী দিয়েছি, তা গৃহীত না হলে ঘোষণাপত্র পাঠের পর বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।”

তিনি বলেন, “সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না বা নিশ্চয়তা না পেলে সই করবে না। এসব প্রশ্নের জবাবে আমি বলছি— বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।”

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।