জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫ স্বাক্ষরের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শুরু করেছেন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা।
আয়োজকরা জানিয়েছেন, পরিকল্পনামাফিক নির্ধারিত সময়েই শুরু হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ঐক্যবদ্ধ, উৎসবমুখর পরিবেশে জাতির নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে, শেরেবাংলা নগর ও সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন গুরুত্বপূর্ণ প্রবেশপথে।
এর আগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেওয়া জুলাই শহীদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ। লাঠিচার্জে কয়েকজন আহত হন বলে জানা গেছে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, “বর্তমান প্রস্তাবিত খসড়ায় আমাদের মৌলিক আপত্তি থাকায় সই করা সম্ভব নয়।”
তবে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আজকের আনুষ্ঠানিক স্বাক্ষরের পরও রাজনৈতিক দলগুলো চাইলে পরবর্তী সময়ে সনদে সই করার সুযোগ পাবে।





