বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ‘জুলাই সনদ’ স্বাক্ষরকে দেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।


শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক সংস্কার নিয়ে গড়ে ওঠা ব্যাপক ঐক্যের প্রকাশ।”


রাষ্ট্রদূত আরও বলেন, “এটি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সময়। ২০২৬ সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, এবং এটি তার প্রমাণ।”


‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। কূটনৈতিক মহলের মতে, রাষ্ট্রদূত মিলারের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের শাসনব্যবস্থায় সংস্কারের প্রতি অব্যাহত সমর্থনের ইঙ্গিত বহন করে।


উল্লেখ্য, সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের জন্য ইইউ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করে আসছে। সম্প্রতি তারা অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমর্থন পুনর্ব্যক্ত করেছে।


\r\n\r\n\r\n\r\n\r\n

এ লক্ষ্যে ইইউ কারিগরি সহায়তা প্রদান করছে এবং প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবও দিয়েছে, যা গণতান্ত্রিক উন্নয়ন ও টেকসই শাসনব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকারের অংশ।