মাইন উদ্দিন বগুড়া জেলা প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর-৬ আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে শহরের মাটিডালী বাইপাস এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক নির্বাচনী কর্মী সমাবেশ। সমাবেশে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সক্রিয়তা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার। পবিত্র আল-কুরআনের দারসের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়, যা পুরো আয়োজনকে আধ্যাত্মিক আবহে পরিব্যাপ্ত করে।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী বলেন, নির্বাচনে সফলতা অর্জনের জন্য তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। জনগণের আস্থা অর্জনে ঘরে ঘরে পৌঁছে তাদের সমস্যার কথা শোনা এবং আদর্শিক দৃঢ়তা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও সদর-৬ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মো. শাহিনুর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, নির্বাচনী মাঠ সাহসীদের জন্য—সংগঠনের শক্তি ও কর্মীদের নিষ্ঠাই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেন।
এছাড়াও বক্তব্য রাখেন ড. সৈয়দ আব্দুল আজিজ, অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমীন, শ্রমিক নেতা আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, ড. হেদায়েতুল ইসলাম, ইকবাল হোসেন এবং ছাত্রশিবির নেতা হাবিবুল্লাহ খন্দকার।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনকে ঘিরে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। তারা তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ বৃদ্ধি এবং একটি শক্তিশালী, সুসংগঠিত নির্বাচনী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা যায়।





