বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের শহিদদের পরিবারের সদস্যদের পুনর্বাসন ও উপযুক্ত সম্মানজনক চাকরির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক স্মরণ সভায় এ আহ্বান জানান তিনি।
‘জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে’ এই সভার আয়োজন করে জুলাই-২৪ শহিদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়।
ডা. শফিকুর রহমান বলেন, “শহিদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার বিষয়টি কোটার আওতায় পড়ে না। এটিকে কোটা বলা ঠিক নয়, কারণ কোটা মানে হলো চিরস্থায়ী সুবিধা, যা কোনো একটি গোষ্ঠী দীর্ঘদিন ভোগ করে। কিন্তু এই পরিবারের সদস্যরা এমন কোনো দাবি করেননি—তাদের যা প্রাপ্য, সেটা রাষ্ট্রের উচিত সম্মানের সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবে শহিদ হওয়া অধিকাংশ মানুষ ছিলেন নিম্ন আয়ের শ্রেণির। তারপরও তারা জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ সেই শহিদদের পরিবারের দায়িত্ব সরকার ও দেশের মানুষের নেওয়া উচিত। এই পরিবারগুলো কারও করুণা চায় না, তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়।”
স্মরণ সভায় উপস্থিত বক্তারা শহিদ পরিবারগুলোর স্বীকৃতি, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্মরণ রাখার দাবি জানান।





